Advertisement

মামলা-হামলা করে আন্দোলন থামানো যাবে না: নাসীরুদ্দীন

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
মামলা-হামলা করে আন্দোলন থামানো যাবে না: নাসীরুদ্দীন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : এশিয়া পোস্ট

মামলা-হামলা দিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। আমরা ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশে যোগ দেওয়ার আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হবিগঞ্জে ছাত্রদলের এক নেতার করা মামলায় নিজের এবং সারজিস আলমসহ এনসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করছি, কর্মসূচি পালন করছি। জেলে নিয়ে গেলে যাব, আর মেরে ফেললে কবরে চলে যাব, কিন্তু মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।

মামলাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মামলায় হামলা, হয়রানি ও ছিনতাইয়ের মতো অভিযোগ আনা হলেও সেসবের কোনো সত্যতা নেই। আমি মামলাটির বিবরণ দেখেছি, সেখানে অনেক হাস্যকর বিষয় লেখা হয়েছে। বলা হয়েছে আমরা নাকি হামলা, হয়রানি ও ছিনতাই করেছি। এসব কতটুকু সত্য, তা দেশবাসী খুব ভালো করেই জানে।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এসব মামলা করা হচ্ছে। তাদের সরকার মামলাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও সন্ত্রাস করবে—যার যা মন চায় তা-ই করবে। কিন্তু এক দিন তো এসবের শেষ হবেই।

বাংলাদেশের রাজনীতিতে ‘গ্যাংবাজির সংস্কৃতি’ চালু হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, রাজনীতির নামে এখন গ্যাংবাজি চলছে। যদি গ্যাংবাজিই করতে চান, তবে রাজনীতির ছদ্মবেশ না ধরে সরাসরি গ্যাংবাজির ঘোষণা দিন।

মামলায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা দাবি করছে আইফোন ছিনতাই হয়েছে। সেটি কি জি কে গাউসের আইফোন, নাকি তারেক রহমানের? এ ধরনের ভিত্তিহীন অভিযোগ অত্যন্ত লজ্জাজনক।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করা হয়েছে। জি কে গাউস, নুরু, সালাহউদ্দিন, এ্যানিদের একটি নির্দিষ্ট গ্যাং রয়েছে। তারা চাঁদাবাজি ও সন্ত্রাস করে টাকা তুলে গুলশান অফিসে জমা দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

পাল্টা মামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, প্রথমত আমাদের ওপর হামলা হয়েছে, তাই আমরা আইনি পদক্ষেপ নিয়ে মামলা করেছি। এরপর তারা একটি পাল্টা মিথ্যে মামলা দায়ের করেছে। আসল ঘটনা এটাই।

তিনি বলেন, মানুষ হিসেবে আমাদেরও ভয় থাকে, কিন্তু ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেব না। মামলা বা হামলা চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির পক্ষ থেকে মামলা দায়েরের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় এই পাল্টা অভিযোগটি দায়ের করা হয়েছে।

বিষয় :সিলেট