মুজিবনগর সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নাজিরাকোনা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। স্থানীয়দের নজরে আসলে তারা বিজিবিকে খবর দেন।
নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক বলেন, বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা সীমান্তের শূন্যরেখা থেকে সাতজনকে ফিরিয়ে নিয়ে যায়।






