ছোট ভাইয়ের সঙ্গে তর্কের জেরে বড় ভাইকে খুন

কক্সবাজার সদরের খুরুশকুলে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার মো. কালু মিয়ার ছেলে। অভিযুক্ত আরিফ উল্লাহ একই এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলমের ছোট এক ভাই স্থানীয় দোকানদার আরিফ উল্লাহর দোকানে সিগারেট কিনতে যায়। এ সময় তার সঙ্গে আরিফের তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে বিষয়টি তিনি বাড়িতে গিয়ে বড় ভাই জাহাঙ্গীরকে জানান।
ঘটনাটি শোনার পর জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়ে আরিফের দোকানে যান। আরিফের কাছে ছোট ভাইকে গালমন্দ করার কারণ জানতে চাইলে জাহাঙ্গীরের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এতে তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার এক পর্যায়ে হাতাহাতি লিপ্ত হয়। আরিফ দোকান থেকে ছোরা বের জাহাঙ্গীরকে কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা দুই নারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
