পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে ৪ বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ ২০২৬ তারিখ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাত (১৬) মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় চার বন্ধু একসঙ্গে নদীতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, আর আরাফাত নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর আজ ৩১ মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।
পরে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।