গাজীপুরে ট্রেন আটকে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদানের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন আটকে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জয়দেবপুর-শিমুলতলী রুটের মাঝির খোলা এলাকায় রেললাইন অবরোধ করে। পরে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন। জানা যায়, সম্প্রতি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদান করা হয়েছে। এতে ডিপ্লোমা প্রকৌশলীরা বিরোধিতা করে দুদিন ধরে প্রতিবাদ করছে। পূর্বঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে বিক্ষোভের ডাক দেন।
গতকাল শুক্রবার তারা গাজীপুরের শিববাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তা তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে গতকাল তারা রেললাইন অবরোধের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন। পরে আজ ৩টার দিকে তারা জয়দেবপুর-শিমুলতলী রুটে অবস্থান নিয়ে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেছেন৷
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিবৃতি কোনো কার্যকর সমাধান নয় এবং বিতর্কিত কমিটি বিলুপ্ত না হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। তারা দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বনিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন আটকে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।