হাঁটতে গিয়ে বাঁধ থেকে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
হাঁটতে গিয়ে বাঁধ থেকে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের চিলমারীতে অসাবধানতাবশত বাঁধ থেকে নিচে পড়ে পানিতে ডুবে মোহাম্মদ আলী (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর সংলগ্ন রমনা খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রমনা খামার এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে যান। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি নিজেকে সামলাতে পারেননি এবং পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।

এ বিষয়ে চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।