logo
Advertisement

থানা হেফাজতে থাকা ৬ গরুর নিলাম স্থগিত

এশিয়া পোস্ট নিউজ,নওগাঁ
থানা হেফাজতে থাকা ৬ গরুর নিলাম স্থগিত
থানা হেফাজতে থাকা গরু। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর রাণীনগরে আদালতের নির্দেশে একটি বাছুরসহ ৬টি গরুর নিলাম কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আবেদনের প্রেক্ষাপটে আদালতের বিচারাধীন নির্দেশনার আলোকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ ও আদালত সূত্র জানায়, গত জুলাই মাসে নওগাঁর রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুরসহ বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ জুলাই নাটোরের নলডাঙ্গা থেকে আসলাম নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার অসিত নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া গরুগুলোর তাৎক্ষণিক কোনো প্রকৃত মালিক পাওয়া না যাওয়ায় সেগুলোকে রাণীনগর থানা হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডলের তত্ত্বাবধানে এক মাস ধরে চুক্তির ভিত্তিতে স্থানীয় এক খামারির মাধ্যমে গরুগুলোর নিয়মিত দেখভাল করা হয়। পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে গরুগুলোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও নিশ্চিত করা হয়। থানা হেফাজতে থাকাকালেই গর্ভবতী একটি গাভী বাছুরের জন্ম দিলে বাছুরসহ গরুর সংখ্যা দাঁড়ায় ৬টিতে, যা এলাকায় আলোচনা সৃষ্টি করে।

পরবর্তীতে বাছুরসহ ৬টি গরু আজ রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় রাণীনগর থানা চত্বরে প্রকাশ্যে নিলামের দিন ধার্য করা হয়। তবে নিলাম প্রক্রিয়ার বিরুদ্ধে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর গ্রামের পপি রানী হালদার নামে এক ব্যক্তি আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানান। পরে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-০১-এ আবেদনটি বিচারাধীন থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিলাম স্থগিতের বিজ্ঞপ্তি জারি করেন নিলাম বিক্রয় কমিটির সভাপতি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, আদালতের নির্দেশনা পেয়ে নির্ধারিত সময়ের আগেই নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনার ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় :