ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের পাওনা টাকা নিয়ে দুই গ্রামের বিরোধ থামছেই না। আগের দিনের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকেরা। প্রায় তিন ঘণ্টার এ সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

Advertisement

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পাশের ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওয়ার দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। টাকা পরিশোধকে কেন্দ্র করে রোববার রাতে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ধরন্তি চাকসার গ্রামের মো. খাদিম মিয়া নিহত হন।

স্থানীয়দের দাবি, নিহত খাদিম মিয়ার জানাজা শেষে সোমবার বিকেলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো কালিকচ্ছ বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট।

খবর পেয়ে সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ছোড়া ইটের আঘাত লাগে। ওসিসহ আহত হন উভয় পক্ষের অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববারের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।