নিখোঁজের ৫ দিন পর বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরাইয়া জেলার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে গত ১৩ জানুয়ারি নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় জিডি করেন। এরপর আজ রোববার সকালে এলাকাবাসী জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রামসংলগ্ন বিলের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে।
ফরিদপুর থানার ওসি মো. শামীম আকনজি বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের পরে মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।