Advertisement

জামালপুরে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জামালপুরে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ
সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকেরা। ছবি: এশিয়া পোস্ট

তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকেরা। অবরোধের কারণে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

Advertisement

বিক্ষোভরত চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। এতে দৈনন্দিন আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অনতিবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

জয়নাল নামে এক অটোরিকশা চালক বলেন, ‘রাত ১২টা থেকে লাইনে বসে ছিলাম, তাও গ্যাস পাইনি। আমরা মালিকের কাছ থেকে দৈনিক ভাড়ায় গাড়ি চালাই। গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে, খাবই-বা কী? তাই বাধ্য হয়ে সবাই মিলে সড়ক অবরোধ করেছি।’

আমজাদ হোসেন নামে অপর এক চালক বলেন, পাম্পে নির্দিষ্ট কিছু গাড়ি প্রাধান্য পায়, কিন্তু সাধারণ চালকেরা বঞ্চিত হচ্ছেন। সমাধান না হওয়া কিংবা সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এদিকে সকাল থেকেই অবরোধের প্রভাব পড়েছে পুরো রুটটিতে। মহাসড়কের দুই পাশে শত শত দূরপাল্লার বাস, ট্রাক ও ছোট যানবাহন আটকে আছে। দীর্ঘ অপেক্ষা ও তীব্র যানজটের কারণে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে চালকদের অবরোধ ও আন্দোলন অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় :