logo

সারজিসকে সমর্থন জানাল ইসলামী আন্দোলন

সারজিসকে সমর্থন জানাল ইসলামী আন্দোলন

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, রোববার রাতে দলটির বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে এ সমর্থন জানান। 

স্থানীয় নেতারা জানান, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী না থাকায় নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এ আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন।

এদিকে বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে দেখা গেছে।

ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ আসনের জন্য আল্লাহ কবুল ফরমান।

মঈন উদ্দিন নামে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন, পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের সমর্থন প্রসঙ্গে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ এশিয়া পোস্টকে বলেন, সব শ্রেণিপেশার মানুষের সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।