logo

ডাকাতিয়ায় নিখোঁজ প্রতিবন্ধী লিমন, ব্রিজে দাঁড়িয়ে নাতির অপেক্ষায় দাদা

ডাকাতিয়ায় নিখোঁজ প্রতিবন্ধী লিমন, ব্রিজে দাঁড়িয়ে নাতির অপেক্ষায় দাদা
নিখোঁজ নাতির অপেক্ষায় শিকারীপাড়া ব্রিজের ওপর দাঁড়িয়ে আছেন মোসলেম উদ্দিন। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীতে পড়ে রাকিবুল ইসলাম লিমন (২১) নামে এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ব্রিজের পাশ থেকে তিনি নিখোঁজ হন। দিনভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ লিমন কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামের জামাল হোসেনের ছেলে। তার বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম।

এদিকে নাতির নিখোঁজের খবর পেয়ে শিকারীপাড়া ব্রিজে এসে অঝোরে কাঁদছেন বৃদ্ধ দাদা মোসলেম উদ্দিন। কখনও নদীর দিকে তাকাচ্ছেন, কখনো মুছছেন চোখের পানি। নাতির স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। তার একটাই আকুতি নাতি যেন ফিরে আসে।

আবেগাপ্লুত কণ্ঠে দাদা মোসলেম বলেন, আমার নাতি আমারে ছাড়া কিছুই বোঝে না। দাদা খানা খান, দাদা আইয়েন, দাওয়াত আছে খাইয়া যান এই কথাগুলাই কইতো। আহ্, আমি এই স্মৃতি কেমনে ভুলমু!

যে নাতি প্রতিদিন ডেকে নিয়ে খাইয়ে দিত, সেই নাতিই এখন নিখোঁজ। তাই নদীর পাড় ছেড়ে যেতে পারছেন না বৃদ্ধ দাদা। নাতির কোনো খোঁজ পাওয়ার আশায় ব্রিজের ওপর অপলক দাঁড়িয়ে আছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়ি থেকে হুইলচেয়ার নিয়ে বের হন লিমন। এ সময় তার পরনে কোনো পোশাক ছিল না বলে জানান স্থানীয়রা। পরে শিকারীপাড়া ব্রিজের ওপর তাকে বসে থাকতে দেখেন পাশের মসজিদের মুয়াজ্জিন ইলিয়াস। বাড়ি কোথায় জানতে চাইলে লিমন ‘বাকই’ বলে উত্তর দেন। এরপর মুয়াজ্জিন ইলিয়াস আজান দিতে মসজিদে চলে যান। আজান শেষে এসে দেখেন, ব্রিজের ওপর লিমন নেই; কেবল তার হুইলচেয়ারটি পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

লিমনের বাবা জামাল হোসেন জানান, ভোরে শিকারীপাড়া ব্রিজের পাশ থেকে তার ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। এরপর থেকে নদী ও আশপাশের এলাকায় তাকে খোঁজা হচ্ছে, তবে এখনো কোনো সন্ধান মেলেনি।

লাকসাম ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম জানান, নদীর গভীরতা বেশি থাকায় স্থানীয়ভাবে তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবককে পাওয়া যায়নি। পরে চাঁদপুর জেলা থেকে ডুবুরি দল এনে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হয়। তবে সন্ধান না পাওয়ায় ডুবুরি দল চাঁদপুর ফিরে গেছে।