logo

সরকারি গাছ কেটে নিয়ে গেছেন সাবেক ইউপি চেয়ারম্যান

সরকারি গাছ কেটে নিয়ে গেছেন সাবেক ইউপি চেয়ারম্যান

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়কের পাশের সরকারি গাছ কেটে নিয়ে গেছেন ধানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়া।

গত এক সপ্তাহ ধরে গাছ কাটা হলেও মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়া চেয়ারম্যান নিজের লোকবল ও ভাগিনা ইয়াছিনকে দিয়ে গাছ কাটেন। সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে বিষয়টি ম্যানেজ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অস্বীকার করে জিয়াউল হক জিয়া মুঠোফোনে জানান, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।

তবে তার ভাগিনা ইয়াছিন গাছ কাটার কথা স্বীকার করে বলেন, গাছগুলো আমার মামা কেটেছেন। জনতা বাজারের পূর্ব পাশে খালের ওপর একটি কাঠের ব্রিজ নির্মাণের জন্য স্থানীয়ভাবে কাজ করা হচ্ছে। ওই কাজের জন্যই গাছগুলো কাটা হয়েছে। 
 
কবিরহাট উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন জানান, জিয়াউল হক জিয়া চেয়ারম্যান আগেও সড়কের পাশের গাছ কেটে নিয়ে গেছেন। বিষয়টি তখন ইউএনওকে জানানো হয়েছিল।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুদম পুষ্প চাকমা বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগ ও এলজিইডি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।