logo

ভোটারদের সাহসী থাকার আহ্বান জকসু ভিপির

ভোটারদের সাহসী থাকার আহ্বান জকসু ভিপির

নির্বাচন কেন্দ্র করে বরিশাল-১ আসনে নানা হুমকি-ধামকি থাকা প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, যেমন ভোলা ও বাউফলের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হয়েছে। তবে এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নয়।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি আরও বলেন, ‘যখন তাদের নেতা দেশে এলো, তারা ভেবেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু করতে পারবে। কিন্তু তারা কিছু করতে পারেনি, আমরা বিজয়ী হয়েছি। আমরা আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগবিরোধী আন্দোলনে একসঙ্গে ছিলাম। কিন্তু বিপদের সময় তারা আমাদের পাশে ছিল না। এরা প্রচুর হুমকি-ধামকি দেবে, তবে তারা ভীতু। ভয় পাওয়ার কিছু নেই। আমরা বরিশালে তাদের একটি আসনও দিতে চাই না।’

ভোটারদের উদ্দেশ্যে রিয়াজুল ইসলাম বলেন, ‘আপনারা সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং কেন্দ্রের আশপাশে থাকবেন। কেউ কেন্দ্র দখল করতে এলে বা ডাকাতি-গুন্ডামি করতে চাইলে তা প্রতিহত করবেন। অহংকারী হওয়া যাবে না। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করতে হবে।’

জকসু ভিপি বরিশালের মানুষকে সাহসী উল্লেখ করে বলেন, বরিশালের মানুষ অনেক সাহসী ও শক্তিশালী। আপনারা সাহস নিয়ে দাঁড়িয়ে থাকুন, তাহলেই হবে।

পথসভায় দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন সবুজসহ অন্যরা বক্তব্য দেন।

শেষে জকসু ভিপি রিয়াজুল ইসলামের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজার থেকে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে একটি মিছিল বের করা হয়।