ডেঙ্গু নিয়ে রাতে ভর্তি, সকালে প্রাণ গেল যুবকের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মো. সাইফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৭।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মারা যান তিনি। মো. সাইফ জামালপুর সদর এলাকার মো. হযরত আলীর ছেলে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন সাইফ। ডেঙ্গু শক সিনড্রোমের কারণে হৃদ্যন্ত্র ও শ্বাসতন্ত্রের কার্যকারিতা বিকল হয়ে রোববার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি থাকা ১৩৭ জনের মধ্যে পুরুষ ৮৪ জন, নারী ৩৬ জন এবং শিশু ১৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত ৭১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত ৩ হাজার ৬২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৩০ জনের মধ্যে ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দুজন, আগস্টে চারজন, সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবরের ১১ তারিখ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, সব রোগীকে সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।