খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ককে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে বাটার শো-রুমের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে খুলনার ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহকে প্রথমে কুপিয়ে পরবর্তীতে গুলি করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুলির ঘটনার পর পালানোর সময় পুলিশ অস্ত্রসহ আশোক নামে একজনকে আটক করে।
এ বিষয়ে খুলনা সদর থানার ওসি মো. কবির হোসেন এশিয়া পোস্টকে বলেন, স্থানীয়দের সহায়তায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।