Advertisement

বাঁশখালীতে ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলি করে যুবককে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
বাঁশখালীতে ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলি করে যুবককে হত্যা
গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের মালিকানা ও দখল কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সরল ইউনিয়নে মাছের ঘের ও লবণের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে ঘের দখলের উদ্দেশ্যে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে জিল্লুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালী থেকে এক যুবককে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।