logo
Advertisement

পাওনা টাকা চাওয়ায় পুরুষাঙ্গ কর্তন, প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সাভার, ঢাকা
পাওনা টাকা চাওয়ায় পুরুষাঙ্গ কর্তন, প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার মো. ফারুক হোসেন। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার সাভারে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. ফারুক হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর থানার ধুবরিয়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ ও র‌্যাব-১৪-এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নুরাঙ্গীর নাহিদ এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার ও গ্রেপ্তার ফারুককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত জানা যায়, ভুক্তভোগী মো. আহসান উল্লাহ স্বপন সাভারের বক্তারপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। ওই এলাকায় ‘বংশী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি ক্ষুদ্র ঋণ সংস্থা রয়েছে। স্বপন ওই সমিতির সহ-সভাপতি। প্রায় এক বছর আগে ফারুক ওই সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন।

১২০ দিনের মধ্যে ঋণের টাকা পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি। পরে স্বপন পাওনা টাকা চাইলে ফারুক সময় ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি স্বপনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

গত ৩১ আগস্ট রাতে এলাকায় লোডশেডিং চলাকালে নিজ বাসার সামনে হাঁটছিলেন স্বপন। এসময় ফারুক ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করে মারধর করেন। একপর্যায়ে স্বপন মাটিতে পড়ে গেলে সহযোগীরা তাকে ধরে রাখেন এবং ফারুক ধারালো সুইচ গিয়ার দিয়ে তার পুরুষাঙ্গ কর্তন করেন। তখন গুরুতর আহত অবস্থায় স্বপন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাভার থানায় হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। পরবর্তীতে বৃহস্পতিবার টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।