Advertisement

গাইবান্ধায় বাসার গেট থেকে শিশুকে অপহরণের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, গাইবান্ধা
গাইবান্ধায় বাসার গেট থেকে শিশুকে অপহরণের অভিযোগ
শিশু মো. বোরহান। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার গো-হাটিপাড়া এলাকায় ৬ বছর বয়সি এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে বলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।

বানী বেগম অভিযোগে উল্লেখ করেন, বুধবার দুপুর ১টার দিকে তার ছেলে মো. বোরহানকে গো-হাটিপাড়ায় তাদের ভাড়া বাসার গেটের সামনে থেকে পূর্বপরিচিত খলসীচাঁদপুর শরিফুল পুত্র মো. আরিফ মিয়া ও তার সঙ্গে থাকা অজ্ঞাত আরও ২-৩ জন কৌশলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি তাদের আত্মীয়তার সম্পর্কের (ভাগনি জামাই) হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার সময় স্থানীয় কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।