Advertisement

চুরি করতে গিয়ে আটক, ন্যাড়া করে দিল গ্রামবাসী

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
চুরি করতে গিয়ে আটক, ন্যাড়া করে দিল গ্রামবাসী
হাতেনাতে ধরার পর চোরকে ন্যাড়া করে দিল গ্রামবাসী। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের গৌরনদীতে তালাবদ্ধ ভবনে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে উত্তেজিত জনতা তাকে রশি দিয়ে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে।

সোমবার (২৭ জুলাই) ভোরে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ইউসুফ হাওলাদার (২৫)। তিনি একই ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের বারান্দা বেয়ে চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইউসুফ। ভবনটি বাইরে থেকে তালাবদ্ধ এবং খালি থাকায় তিনি ভেতরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে চুরি করছিলেন। এ সময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের ভেতর ভাঙচুরের শব্দ শুনতে পান। পরে প্রতিবেশীরা জড়ো হয়ে ঘর থেকে ইউসুফকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে বেধে মাথা ন্যাড়া করে দেয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে কিংবা ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :বরিশাল