তেল শেষ হওয়ায় চলতি পথে থেমে গেল বাস

সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করা দূরপাল্লার একটি বাস জ্বালানি তেল শেষ হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় হানিফ পরিবহনের বাসটি বন্ধ হয়ে যায়। বাসটি মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে ৩০ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
যাত্রীরা জানান, পথে একাধিক ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর সামান্য পরিমাণে জ্বালানি নেওয়া হয়। তবে প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে না পারায় মাঝপথেই বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
বাসচালক ওসমান গনি গণমাধ্যমকে বলেন, সিলেট থেকে কক্সবাজার যেতে প্রায় ১৬০ লিটার জ্বালানি প্রয়োজন হয়। কিন্তু যাত্রা শুরুর সময় ৭০ লিটার তেল নিয়ে রওনা দিতে হয়। পথে একাধিক স্টেশনে চেষ্টা করেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, কিছু যাত্রীকে বিকল্প যানবাহনে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের অন্য একটি বাসে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।