পলিথিনে মিলল পিস্তল, গুলি ও কোটি টাকার ‘আইস’

সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে ফেলে যাওয়া মোড়ানো পলিথিন থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান পরিচালনা সময় এসব উদ্ধার করা হয়। পরে দুপুরে উদ্ধারকৃত অস্ত্রসহ মাদক নাগেশ্বরী থানায় হস্তান্তর করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান হতে পারে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন।
পরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারতের দিক থেকে আসা চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের সত্যতা যাচাই ও পরীক্ষার জন্য নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসটি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর তৎপরতা ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
