অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুত এবং অতিরিক্ত দামে তা বিক্রি করার অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী এবং বোদা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৈধ লাইসেন্স ছাড়াই নিজ গুদামে অবৈধভাবে সার মজুত রেখে তা চড়া দামে বিক্রি করছিলেন মাহমুদুল হাসান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে এই জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, কৃষকদের সুরক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমোদনহীন সার ব্যবসা ও অবৈধ মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


