শেরপুর-৩ আসন: প্রচার শেষ, প্রস্তুত নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে। ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রচার শেষ হয়েছে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টায়। সুষ্ঠু নির্বাচন করতে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জানান, নির্বাচনি নিরাপত্তা জোরদারে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে এবং আরও ৪টি টিম রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। পাশাপাশি পুলিশের ২৬টি মোবাইল টিম মোতায়েন থাকবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করা ছাড়াও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষক থাকবেন। দুই উপজেলায় দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, নির্বাচনি মাঠে সেনাবাহিনীর কয়েকটি টিমও দায়িত্ব পালন করবেন। শুধু তাই নয়, প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।
জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তপশিল ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের আলহাজ মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন।