‘তাদের দেখে শেখা উচিত, কীভাবে দায়িত্ব ও ভালোবাসা একসঙ্গে সামলাতে হয়’

সিলেটে গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া। মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে নাকাল নাগরিক জীবন। ঠিক এমন আবহাওয়ায় সিলেটে পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গী তার সহধর্মিনী, সিলেটের মেয়ে ডা. জুবাইদা রহমান।
শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমান থেকে নামতেই বৃষ্টির মুখোমুখি হন প্রধানমন্ত্রী। নিরাপত্তাকর্মীরা ছাতা ধরে এগিয়ে গেলেন। কিন্তু একা পা বাড়ালেন না তিনি। সহধর্মিনীকে হাত ধরে বিমান থেকে নেমে সামনে পা বাড়ালেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) এর মাজারে যান। দলের ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসযোগে সেখানে পৌঁছে মাজার জিয়ারত করেন এবং দোয়ায় অংশ নেন। বের হওয়ার সময় বৃষ্টি আরও বাড়ে।
এই সময় প্রধানমন্ত্রী এক ছাতার নিচে স্ত্রী জুবাইদা রহমানের হাত শক্তভাবে ধরে বাসের দিকে পা বাড়ালেন। যা ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছবিগুলো শেয়ার করে অনেকেই লিখছেন, ক্ষমতা বা পদের চেয়েও বড় পরিচয় একজন দায়িত্বশীল জীবনসঙ্গী।
মিফতা হাসান নামে এক যুবক লিখেছেন, ‘শিখতে চাইলে ওনাদের থেকে শেখা উচিত, কীভাবে দায়িত্ব আর ভালোবাসা একসঙ্গে সামলাতে হয়।’
সানজানা শিরিন নামের একজন লেখেন, ‘হে বঙ্গের পুরুষ সমাজ, শেখো, কীভাবে বউকে প্রায়োরিটি দিতে হয়।’
হেলাল মিয়া নামে একজন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বিপদে ফেলে দিলেন! এখন স্ত্রীরা বলবে দেখো, প্রধানমন্ত্রী হয়েও তিনি কত যত্নশীল, আর তুমি একটা ছাতাও ঠিকমতো ধরতে পারো না।’
শনিবার সকালের বৈরী আবহাওয়ার মধ্যে সিলেটে পৌঁছে সারা দিনের ব্যস্ততা শেষে বিমানযোগে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইউএস বাংলার একটি উড়োজাহাজে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে সার্বক্ষণিক ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
সকালে সিলেটে পৌঁছে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের দলীয় পতাকায় মোড়ানো বাসযোগে তিনি প্রথমে তিনি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান। বেলা ১১টায় প্রধানমন্ত্রী নগরের কিনব্রিজ-সংলগ্ন চাঁদনিঘাটের সিঁড়ি এলাকায় সুরমার দুই তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নগর ভবন প্রাঙ্গনে আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা করেন।
দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল (নদী) ২৩ কিলোমিটার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন। এই সময় তাকে ঘিরে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান তুলেন স্থানীয়রা।
পরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে রান্না করা গরুর গোশত ও স্থানীয় হাওরের ছোট মাছ ছিল তার খাবারের তালিকায়। বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন করতে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন। সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে, বেলা একটার পর থেকে বৃষ্টি নেই বললেই চলে। তার আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।