নির্বাচনের রাতে মেহেরপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর সদর (মেহেরপুর-১ সংসদীয় আসন) উপজেলার সীমান্তবর্তী ঝাঝা গ্রাম থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গ্রামের সড়কের পাশে পড়ে থাকা বাঁশের স্তূপের মধ্যে লাল টেপে মোড়ানো বস্তুটি প্রথমে স্থানীয়রা দেখতে পান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের বেলায় সন্দেহজনক বস্তুটি নজরে এলে তারা দ্রুত সদর থানা পুলিশকে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। নিরাপত্তাজনিত কারণে সেটিকে বালতির পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি নির্বাচনের আগের রাতে হওয়ায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে ও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কি উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।’