logo

আলু চাষির কাছে চাঁদা দাবি স্বেচ্ছাসেবক দল নেতার, থানায় অভিযোগ

আলু চাষির কাছে চাঁদা দাবি স্বেচ্ছাসেবক দল নেতার, থানায় অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে আলু চাষির কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে শাজাহানপুর থানায় এ-সংক্রান্ত এক অভিযোগ কৃষক মেহেদী হাবীব আব্বাসী উল্লেখ করেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ডে সড়কের ওপর চাঁদা দাবির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত প্রায় ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও এলাকায় আলু হিমাগারে নেওয়ার সময় চাষিদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে আলু হিমাগারে নিয়ে যাওয়ার পথে বীরগ্রাম স্ট্যান্ড এলাকায় রাজশাহী-বগুড়া মহাসড়কে মেহেদী হাবীবের আলুবাহী গাড়ি আটকান শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ও শহীদসহ কয়েকজন।

এ সময় তারা বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দাবি করেন। মেহেদী হাবীব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এছাড়া চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেবে না বলে হুমকি দেওয়া হয়। এমনকি তাকে তুলে নেওয়ার হুমকি দিয়ে প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয়রা চাঁদা দাবির ঘটনা দেখে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করে। তখন তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব আলী ও তার লোকজন প্রতিদিন কৃষকের কাছে চাঁদা তুলে আসছিল। রোববার সন্ধ্যায় মেহেদী হাবীবের কাছে চাঁদা না পেয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন স্থানীয়রা প্রতিবাদ করেন। এক পর্যায়ে লোকজন তাদের আটক করবে এমন অবস্থায় সেখান থেকে পালিয়ে যান স্বেচ্ছাসেবক দলের তিন নেতা।

তবে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, আমি কোথাও চাঁদাবাজি করতে যাইনি। আমার নামে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানো হচ্ছে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় এক কৃষক চাঁদা দাবির অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, খাজনা আদায় হয় যেখানে কেনাবেচা হয় সেখানে। সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। আর যারা চাঁদা তুলেছে তারা কোনো ইজারাদার নয়।