logo

কক্সবাজার ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত

কক্সবাজার ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত

বন্ধুদের সঙ্গে নিয়ে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভের উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) দুপুর দুইটার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আজাদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সদর ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে। তিনি পেশায় আইসিটি প্রশিক্ষক। চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় তিনি কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে জড়িত।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে চারটি মোটরসাইকেল যোগে মোহাম্মদ আজাদসহ আট বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। দুপুরে তার মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথে তারা উখিয়ার ছেপটখালী এলাকায় পৌঁছালে আজাদসহ থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।