logo
Advertisement

জন্মদিনের দাওয়াত, এরপর পিস্তল দেখিয়ে সাড়ে ৩ লাখ টাকা আদায়

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
দুপচাঁচিয়া, বগুড়া
জন্মদিনের দাওয়াত, এরপর পিস্তল দেখিয়ে সাড়ে ৩ লাখ টাকা আদায়
জন্মদিনের অনুষ্ঠানে মাদক ও পিস্তল। ছবি : ভুক্তভোগী সূত্রে পাওয়া

বগুড়ায় জন্মদিনের দাওয়াতের কথা বলে বাড়ি ডেকে নিয়ে পিস্তল, ধারালো চাকু ও কুঠার দেখিয়ে মারধর এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। জিম্মি অবস্থায় ধারালো অস্ত্রের মুখে জখম ও ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তিন লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. গোলাম রব্বানী (২৬।

এ ঘটনায় বিচার ও আইনানুগ ব্যবস্থা চেয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে অভিযুক্তদের যোগাযোগ ছিল। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্তদের একজনের স্ত্রী রব্বানীকে ফোনে জন্মদিনের দাওয়াত দেন। বন্ধু মো. আল আমিনকে সঙ্গে নিয়ে তিনি জহুরুলনগর এলাকার ওই বাড়িতে যান। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তরা ঘরে ইয়াবা ও মদ বের করে তাদের সেবনের জন্য চাপ সৃষ্টি করে। রাজি না হওয়ায় তাদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে গোলাম রব্বানী উল্লেখ করেন, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা পিস্তল, ধারালো চাকু ও কুঠার উঁচিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সামনে মাদক ও অস্ত্র রেখে ভয় দেখিয়ে তাদের ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে বাধ্য হয়ে তাদের দেওয়া বিকাশ নম্বরে দুই লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করে তারা মুক্ত হন।

মুক্তি পাওয়ার পর প্রাণনাশের হুমকি দেওয়া হলে স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন তিনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।