সড়কে থেমে থাকা বাস দেখে ব্রেক, চার গাড়ির সংঘর্ষে নিহত ২
-e5b254.jpg)
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা একটি বিকল বাসকে কেন্দ্র করে পরপর চারটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা (২৫) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুজয় সাহা (১৮)। তাঁরা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই। আবাস সাহা সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। আর সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে মূল সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই বাসের পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের কভার্ডভ্যানও গতি কমিয়ে দেয়। এর পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থেমে যায়। এ সময় পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় নষ্ট বাস, প্রাইভেট কার, কভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল ও স্বাধীনতা পরিবহনের বাস ক্ষতিগ্রস্ত হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সড়কে বিকল হয়ে থাকা বাসটির কারণে সামনে থাকা যানবাহনগুলো হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। এর পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের বাসটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে দুইজন মারা যান।
তিনি আরও বলেন, সবগুলো যানবাহন ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। বিষয়টি হাইওয়ে পুলিশের অধিক্ষেত্র হওয়ায় তাদের জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
.png)





