logo

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ
ভারত থেকে আসা ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর পরিদর্শন করছেন রেলওয়ে পাকশী বিভাগের কর্মকর্তারা। ছবি: এশিয়া পোস্ট

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।

পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে গেদে চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়। গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়েছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার এক প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের ‘রাইটস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। পরবর্তীতে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধিত হয়।

দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন ও কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়নের অংশ হিসেবে রাইটস লিমিটেডের মাধ্যমে মোট ২০০টি ব্রডগেজ রেলকোচ সংগ্রহ করা হচ্ছে। সেই চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরণের ১৮টি কোচ দেশে এলো। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, ৩টি এসি চেয়ার, ২টি এসি স্লিপার এবং ২টি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের সুযোগ রয়েছে। চুক্তি অনুযায়ী ভারত থেকে আরও ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।

কোচগুলো হস্তান্তরের সময় রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ ও দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।