রেখে যাওয়া তিন শিশুকে তুলে দেওয়া হলো মায়ের কোলে

কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকায় বাসায় রেখে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লিডো নামের এক এনজিও ও কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় শিশুদের তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কয়েক ঘণ্টার উদ্বেগ, খোঁজাখুঁজি ও নানা অনিশ্চয়তার পর সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি ফিরে এসেছে সেই মায়ের জীবনে।
এর আগে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় তিন শিশুকে অসহায় অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে তাদের উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। উদ্ধার হওয়া শিশুদের বয়স যথাক্রমে ৮ বছর, ৫ বছর এবং প্রায় ৩ মাস।
ঘটনার পর উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা, উপজেলা সমাজসেবা কার্যালয়, জিনজিরা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন লিডো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে। একই সঙ্গে তাদের পরিবারের সন্ধানে কাজ শুরু হয়।
পরবর্তীতে শিশুদের মায়ের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরিস্থিতি পর্যালোচনা শেষে বুধবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কদ্দুস এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে তিন শিশুকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, শিশুদের নিরাপত্তা ও সর্বোত্তম স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করেছি। মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব শেষ হচ্ছে না। পরিবারটির পরিস্থিতি নিয়মিত ফলো-আপ করা হবে। প্রয়োজন অনুযায়ী শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও পারিবারিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো পরিবার সংকটে পড়লে শিশুদের ঝুঁকির মধ্যে না রেখে দ্রুত স্থানীয় প্রশাসন, থানা, ইউনিয়ন পরিষদ অথবা সমাজসেবা কার্যালয়ের সহায়তা নেওয়া উচিত।


