logo
Advertisement

বরগুনায় নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ,বরগুনা
বরগুনায় নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাথরঘাটা থানার ফটক। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার পাথরঘাটায় পারিবারিক তুচ্ছ বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অপরদিকে অভিযুক্ত আল আমিন একই বাড়ির আ. সালাম মাতুব্বরের বড় ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাকে বেধড়ক কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন পিয়ারা বেগম। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত আল আমিনের ছোট ভাই রুহুল আমিনের দাবি, তার ভাই দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় তিনি এর আগেও নিজ বাবা-মাকেও একাধিকবার মারধর করেছেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশের একটি অভিযান পরিচালিত হচ্ছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় আল আমিন নেশাগ্রস্ত ছিলেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ