বাইক বিক্রি করতে যাওয়ার পথে প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনায় মোটরসাইকেল বিক্রি করতে যাওয়ার সময় বাসের ধাক্কায় নাঈম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম শহরের মধ্য শালগাড়ীয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে স্থানীয় আর এম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শালগাড়ীয়ার বাসা থেকে নিজের মোটরসাইকেলটি বিক্রি করার উদ্দেশ্যে নাঈম রাজাপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন ক্যালিকো কটন মিল মাঠের হাটে যাচ্ছিল। পথে বাস টার্মিনালের চেতনের মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে শনাক্ত ও চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।




