পানির গ্লাসের আঘাতে প্রাণ গেল যুবকের

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
পানির গ্লাসের আঘাতে প্রাণ গেল যুবকের
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাসকে কেন্দ্র করে সংঘর্ষে কাচের গ্লাসের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়ার মৃত্যু হয়।

নিহত সোহেল মিয়া (৩৪) উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রেপ্তার ইসমাইল মিয়া (৩২) সিন্দুরখান সড়ক এলাকার ফজর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সোহেল মিয়া সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় পানি খাওয়ার গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে দুপুরের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অর্নিবান দেব জানান, সোহেলের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, চায়ের দোকানে হামলার ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।