শ্রীমঙ্গলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা পুলিশ ফাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লছনা এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ভেতরে থাকা তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাসটিকে জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।