মাদারীপুরে ৮০০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা, গ্রামজুড়ে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগকে ঘিরে তৈরি হচ্ছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে মাদারীপুর সদর উপজেলার একটি গ্রাম সেজেছে ব্রাজিলের সবুজ-হলুদ রঙে। স্থানীয় সমর্থকদের উদ্যোগে তৈরি ও টাঙানো হয়েছে প্রায় ৮০০ হাত দীর্ঘ ব্রাজিলের পতাকা, যা এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের দক্ষিণ নয়াচর গ্রামে স্থানীয় ‘বাবু একাডেমি’ ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চরমোগুরিয়া নয়াচর ব্রিজ থেকে শুরু করে কুমারটেক এলাকার সড়কের পাশজুড়ে গাছের সঙ্গে ঝুলছে বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা। দূর থেকে দেখলে মনে হয়, পুরো এলাকাই যেন ব্রাজিলের রঙে রঙিন হয়ে উঠেছে।
পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা ও বাবু একাডেমির সদস্য সফিউল আলম জানান, ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই তাদের এই উদ্যোগ। বিশ্বকাপকে সামনে রেখে গ্রামের তরুণদের মধ্যে ফুটবলপ্রেম আরও ছড়িয়ে দিতে এবং আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটির সদস্য তন্ময় বলেন, প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে ৩৫ থান কাপড় ব্যবহার করে এই পতাকাটি তৈরি করা হয়েছে। গ্রামের তরুণরাই নিজেদের অর্থ ও শ্রম দিয়ে পুরো কাজটি সম্পন্ন করেছে। কাপড় কেনা, সেলাই করা থেকে শুরু করে রাস্তার পাশে টাঙানো পর্যন্ত সবকিছু স্থানীয় সমর্থকদের প্রচেষ্টায় হয়েছে।
বর্তমানে চরমোগুরিয়া ব্রিজ থেকে কুমারটেক ব্রিজ পর্যন্ত প্রায় ৮০০ মিটার এলাকাজুড়ে টাঙানো রয়েছে পতাকাটি। সবুজ-হলুদের এই দীর্ঘ পতাকা দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। অনেকে ছবি তুলছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। ফলে গ্রামটির পরিচিতিও বাড়ছে নতুনভাবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এ আয়োজন পুরো গ্রামে উৎসবের আবহ তৈরি করেছে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।
শুধু ব্রাজিল সমর্থকরাই নন, পিছিয়ে নেই আর্জেন্টিনা ভক্তরাও। প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ খুনসুটি। স্থানীয় আর্জেন্টিনা সমর্থক নাহিদ হাসান হাস্যরসের সুরে বলেন, পতাকা যত বড়ই হোক, বিশ্বকাপের ট্রফি কিন্তু আমরাই নেব। তবে একই সঙ্গে তিনি ব্রাজিল সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।
