আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সদ্য আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আব্দুল মান্নান মাতুব্বর আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেন। এমন অবস্থায় তার গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।