logo

এক পাঙাশের দাম ১৯ হাজার টাকা

এক পাঙাশের দাম ১৯ হাজার টাকা
ধরা পড়া ২২ কেজি ওজনের পাঙাশ মাছ। ছবি : এশিয়া পোস্ট

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে নদী থেকে ধরা পড়া মাছটি স্থানীয় চৌমুহনী মাছঘাটে এনে ১৯ হাজার ৩৬০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর চৌমুহনী ঘাট এলাকায় জহির নামের এক জেলে ইলিশের জাল ফেললে এই বিশাল আকারের পাঙাশ মাছটি আটকা পড়ে। পরে মাছটি চৌমুহনী বাজারে এনে মেপে দেখা যায়, সেটির ওজন ২২ কেজি। প্রকাশ্য ডাকের মাধ্যমে প্রতি কেজি ৮৮০ টাকা দরে মোট ১৯ হাজার ৩৬০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

বিশাল আকৃতির এই পাঙ্গাস মাছটি ঘাটে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে দেখতে উৎসুক জনতা ও স্থানীয়দের উপচে পড়া ভিড় জমে।

জেলে জহির জানান, তিনি দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এত বড় পাঙাশ মাছ এর আগে কখনো তার জালে ধরা পড়েনি।

স্থানীয় জেলেরা জানান, মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও এমন বিশাল আকৃতির পাঙ্গাস সচরাচর পাওয়া যায় না। তবে নদী থেকে ধীরে ধীরে বড় সাইজের মাছ কমে যাচ্ছে উল্লেখ করে তারা মেঘনা নদীতে মাছের অভয়াশ্রম ও প্রজননক্ষেত্র সংরক্ষণে সরকারি তদারকি বাড়ানোর দাবি জানান।