ওয়ারড্রপে লুকিয়েও শেষরক্ষা হলো না অনলাইন প্রতারকের

নাটোরের লালপুরে পুলিশের গ্রেপ্তার এড়াতে ওয়্যারড্রপে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ফাইম হোসেন নামে এক যুবককের। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের রাকিবুল ইসলাম রকির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই গ্রামের মৃত শফি সরদারের ছেলে রাকিবুল ইসলাম রকি এবং বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজন আলী।
পুলিশ জানায়, ফাইম হোসেন লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। অভিযানের সময় রাকিবুল ইসলাম রকি ও রাজন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কাপড় রাখার ওয়্যারড্রপের ভেতরে জামাকাপড়ের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় ফাইম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি অ্যানড্রয়েড ফোন জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
