logo

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির চার দিন পর প্রাণ গেল যুবকের

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির চার দিন পর প্রাণ গেল যুবকের
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মো. আরিফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন মোট ১১৯ জন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ। মারা যাওয়া আরিফ ময়মনসিংহ সদরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন আরিফ। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে ব্রঙ্কিয়েকটেসিসসহ ডেঙ্গু এবং টাইপ-২ শ্বাসযন্ত্রের ব্যর্থতায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১১৯ জন হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৯ জন নারী ও ১১ জন শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দুইজন, আগস্টে চারজন, সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সব রোগীকে সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।