কাফনের কাপড় পরে নির্বাচনি প্রচারণায় জাতীয় পার্টির প্রার্থী

ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে ও তার সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনি পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
এ বিষয়ে মুফতি রায়হান জামিল গণমাধ্যমকে বলেন, নির্বাচনি প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায়সংগত নির্বাচনি প্রক্রিয়ার পরিপন্থি। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সব ধরনের ভয়ভীতি বা বাধা উপেক্ষা করেই তারা জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকবেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল মৌখিক বা লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।