logo

নওগাঁয় দুই চালকলকে ৩৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় দুই চালকলকে ৩৫ হাজার টাকা জরিমানা
ছবি : এশিয়া পোস্ট

দেশের অন্যতম প্রধান ধান-চালের মোকাম নওগাঁয় চালের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মিল পর্যায়ে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার সাহাপুর ও হাঁপানিয়া এলাকার বিভিন্ন অটোরাইসমিল ও গুদামে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ এবং কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা যৌথভাবে এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানকালে দুটি রাইসমিলে অবৈধভাবে বিপুল আতপ চালের মজুত দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা চালের বস্তায় উৎপাদন ও মজুতের তারিখ উল্লেখ না থাকার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ ও বিক্রি না করার অপরাধে (ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ধারা ৪৫) বেলকোন কোম্পানিকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে টিকে এগ্রোকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ মজুতকৃত চাল দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে মিলমালিকদের কঠোর নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।