logo

আর্জেন্টিনার পতাকা ও মেসির ছবিতে সাজানো হলো বাস

আর্জেন্টিনার পতাকা ও মেসির ছবিতে সাজানো হলো বাস
আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো বাস। ছবি: এশিয়া পোস্ট

ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে সমর্থকদের নানা আয়োজন। প্রিয় দলের পতাকা টানানো, বাড়িঘর রং করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায় দেখা যায়। শেরপুরের নালিতাবাড়ীতে এক পরিবহন ব্যবসায়ী ভালোবাসার দল আর্জেন্টিনাকে নিয়ে সৃষ্টি করেছেন ব্যতিক্রমী নজির।

উপজেলার পরিবহন উদ্যোক্তা ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম তার প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের আদলে। নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি; যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।

বাসটির নকশায় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ থাকলেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝামাঝি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। বড় অক্ষরে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

স্থানীয়রা জানান, সাজানোর পর বাসটি সড়কে চলাচলের সময় এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে বাসটির ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর পথে যাত্রা শুরু করে। ফুটবল দলের থিমে পুরো একটি যাত্রীবাহী বাস সাজানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রথম হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক বাবু চক্রবর্তী বলেন, বিশ্বকাপ এলেই নানা ধরনের সাজসজ্জা চোখে পড়ে। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে এভাবে পুরোপুরি আর্জেন্টিনার পরিচয়ে সাজানো সত্যিই ব্যতিক্রমী। বাসটি দেখে ফুটবল উৎসবের আবহ অনুভব করা যায়।

আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো বাস। ছবি: এশিয়া পোস্ট
আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো বাস। ছবি: এশিয়া পোস্ট

আরেক সমর্থক তারিকুল ইসলাম বলেন, মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখেই ভালো লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় উদ্যোগ। এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি বিশেষভাবে মানুষের নজর কাড়ছে। এটি এখন শুধু একটি যানবাহন নয়, বরং ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।

উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম জানান, ছোটবেলা থেকে আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল ঘিরে মানুষের যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়, সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে তিনি বাসটিকে নতুন রূপ দিয়েছেন।

তিনি বলেন, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমি চেয়েছি যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের অনুভূতি ছড়িয়ে দিতে। বাসটি সড়কে নামার পর মানুষের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে।

কিবরিয়া মাকসিম আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা পৌঁছে দেয়। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয় সবার আগে। সে কারণেই বাসে বাংলাদেশের পতাকা এবং ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।