logo

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে এশিয়া পোস্টের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে এশিয়া পোস্টের উদ্বোধন
উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম অনলাইন ও ডিজিটাল সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে মহানগরীর অলকার মোড়ে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এশিয়া পোস্ট নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে এরই মধ্যে সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছে। এশিয়া পোস্ট বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন, গণমানুষের সুখ-দুঃখ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ এবং স্থানীয় সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কথা সাহসিকতার সঙ্গে প্রকাশ করে এ সংবাদমাধ্যম মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।

অনলাইন গণমাধ্যমের বিস্তারের ফলে সংবাদ এখন মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে। তবে দ্রুততার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করাও সমান জরুরি। গুজব, বিভ্রান্তি ও অপতথ্যের এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সেই দায়িত্ব পালন করবে এশিয়া পোস্ট—এমনটাই প্রত্যাশা করেন আগত অতিথিরা।

এশিয়া পোস্টের রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজ রকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, প্রবীণ সাংবাদিক আনিসুর জামান, আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদ মোমিন হিরো, রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত প্রমুখ।

আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে রাজশাহীতে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই সংবাদমাধ্যমের সাফল্য কামনা করেন এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।