logo

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি বহুতল ভবনের ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মেহেরুন্নেছা ঊর্মি (২৮) পশ্চিম বাদুড়তলীর একটি ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন। তার স্বামী মহিব্বুর রহমান, যিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং আগে পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঊর্মির পৈতৃক বাড়ি বরগুনার আমতলী পৌর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঊর্মি প্রায় আট মাস আগে কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে যোগ দেন। স্থানীয়রা জানান, দাম্পত্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। এ নিয়ে একাধিকবার প্রতিবেশীরা মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। শুক্রবার রাতে ঊর্মির স্বামী থানায় এসে দাবি করেন, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় নেওয়া হয়েছে। এ মৃত্যুর পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।