logo

পতাকা উত্তোলনের পর কার্যালয়ে আগুন, প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

পতাকা উত্তোলনের পর কার্যালয়ে আগুন, প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা টানানোর ভিডিও প্রকাশের পর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবার কার্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির নেতাকর্মীরা। পরে পাবনা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ বেশকিছু নেতাকর্মী ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ পায়।

এরপর শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দুর্বৃত্তরা ওই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অগ্নিসংযোগের প্রতিবাদে আব্দুল হামিদ সড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নিউমার্কেট এলাকায় যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা ও যুবলীগের নেতাকর্মীসহ বেশ কয়েকজন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরে তারা সেখান থেকে বেরিয়ে আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় কারা যেন দুটি টায়ারে আগুন জ্বালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে কিছু লোক এসেছিল বলে শুনেছি। তবে তারা মিছিল বা অন্যান্য কার্যক্রম করেছে- এমন কিছু আমাদের জানা নেই। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর রয়েছি।