logo

জমির বিরোধ মেটাতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার নারী

জমির বিরোধ মেটাতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার নারী
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

পৈতৃক জমির বিরোধ আপস-মীমাংসার অজুহাতে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধানক্ষেতে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে।

রোববার (৪ অক্টোবর) প্রতিকার চেয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় ওই নারী লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত হোসেন আলী আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং মদনপুর ফকিরটারী গ্রামের মৃত তসর উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে ওই নারীর সঙ্গে তার ভাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও জমা পড়ে। বিরোধটি সমঝোতা করে দেওয়ার কথা বলে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে মুরগির খামারে ওই নারীকে ডেকে নেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী। অভিযোগ সূত্রে, খামারে থাকা তার সহযোগী দুলু মিয়ার সহায়তায় তিনি ওই নারীকে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় ওই নারী বাধা দিলে দুই অভিযুক্ত মিলে তাকে মারধর করে বিবস্ত্র করেন এবং কামড়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। নারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে কাদা ও রক্তমাখা অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী নারী বলেন, ভাই-বোনের বিবাদ মেটানোর কথা বলে হোসেন আলী ডেকে নেন। সেখানে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে আমাকে ধানক্ষেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এতে রাজি না হওয়ায় ইউপি সদস্য ও তার সহযোগী আমার শরীরে কামড়ে রক্তাক্ত জখম করেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হোসেন আলী বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতেই এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমি তখন মুরগির খামারে কেনাবেচায় ব্যস্ত ছিলাম।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ঘটনার সঠিক তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।