logo

প্যারোল নয়, কারাফটকেই ছেলেকে শেষবার দেখতে চান নিষিদ্ধ যুবলীগ নেত্রী

প্যারোল নয়, কারাফটকেই ছেলেকে শেষবার দেখতে চান নিষিদ্ধ যুবলীগ নেত্রী
কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মি ও তার ছেলে। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মির (৪৪) ছেলে মারা গেছে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির আবেদন না করে ছেলেকে শেষবারের মতো দেখার আকুতি জানিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাগারের ফটকে ছেলেকে শেষবার দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

শারমিন সুলতানার ছেলের নাম নিস্বর্গ হোসেন তূর্য। তার বয়স ১৫ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে সে মারা যায়। শনিবার দুপুরে কাশিমপুর কারাফটকে তূর্যের মরদেহ আনা হবে।

Advertisement

কারাগার সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শনিবার ছেলের মৃত্যুর খবর কারাগারে পৌঁছালে তিনি তাকে শেষবারের মতো দেখার ইচ্ছা প্রকাশ করে আবেদন করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেননি। তবে ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছেন।

তিনি আরও বলেন, শারমিন সুলতানার ছেলেটি প্রতিবন্ধী ছিল। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে তাকে কারাগারের ফটকে ছেলেকে দেখার সুযোগ করে দেওয়া হবে। ছেলেটির মরদেহ নিয়ে আসা হচ্ছে। মরদেহ পৌঁছালেই দেখার ব্যবস্থা করা হবে।