Advertisement

শ্রীমঙ্গলে পরিত্যক্ত জালে প্রাণ গেল অজগরের

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে পরিত্যক্ত জালে প্রাণ গেল অজগরের
ছবি: এশিয়া পোস্ট

প্রকৃতির নীরব শিকারি হিসেবে পরিচিত অজগর সাপ। তবে মানুষের ফেলে যাওয়া এক টুকরো পরিত্যক্ত জালের নির্মম ফাঁদে পড়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো বিরল এই প্রাণীকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের রউয়া বিলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে একটি বিশাল অজগর।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরতে যান স্থানীয় মৎস্যজীবী রাজা মিয়া। হঠাৎ বিলের পানিতে ফেলা একটি পরিত্যক্ত জালে পেঁচিয়ে থাকা অবস্থায় বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তিনি। দীর্ঘদিন আটকে থেকে ছটফট করতে করতে সাপটি ততক্ষণে পুরোপুরি মুমূর্ষু হয়ে পড়েছিল।

ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে মুমূর্ষু অজগরটিকে কেটে জালমুক্ত করেন।

উদ্ধারের পর কোনো সময় নষ্ট না করে অজগরটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন ভেটেরিনারি সার্জন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পর্যবেক্ষণের মাঝেই প্রাণ হারায় অজগরটি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ জালে শক্তভাবে আটকে থাকায় শ্বাসনালি চেপে দম বন্ধ হয়ে এবং অতিরিক্ত শারীরিক ধকলের কারণেই বন্যপ্রাণীটির মৃত্যু হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পাওয়া মাত্রই আমরা অজগরটি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। কিন্তু দুর্ভাগ্যবশত এটিকে বাঁচানো সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী মৃত অজগরটিকে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।